বিনোদন ডেস্ক
‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় খলচরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন অভিনেতা তাসকিন রহমান। গত বছরের নভেম্বর মাসে এ অভিনেতার ব্রেন নার্ভে রক্ত জমে গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা। সম্প্রতি ব্রেনের নার্ভে সফল সার্জারির পর এখন তিনি রয়েছেন চিকিৎসকদের তত্ত্বাবধানে।
এ নিয়ে অভিনেতা তাসকিন জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি ফলোআপ আছে। সে সময় আরও একটি সার্জারি করাতে হতে পারে। এই মুহূর্তে সবার দোয়া ও ভালোবাসা দরকার। তাহলে শিগগিরই হয়তো দেশে ফিরে কাজ শুরু করতে পারব।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাসকিন অভিনীত ওয়েব ফিল্ম ‘জানোয়ার’। এ ছবিতে তাকে পুলিশের তদন্ত কর্মকর্তা হিসেবে দেখা যাবে। নারী নির্যাতন নিয়ে ছবির গল্প। মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কিছু ছবি।
তাসকিন জানান, আমার হাতে থাকা ডাবিং ও শুটিং মিলিয়ে আটটি সিনেমার কাজ বন্ধ রয়েছে। ফেব্রুয়ারিতে চিকিৎসকেরা জানাতে পারবেন, কবে দেশে ফিরতে পারব। ছবির কাজগুলো দ্রুত শেষ করতে চাই।
সুত্র: বাংলাদেশ প্রতিদিন






















