বিনোদন ডেস্ক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক। এ অভিনেতা গানেও বেশ পটু। জান্নাত’খ্যাত এই নায়কের গানের প্রতিভার কথা ইন্ডাস্ট্রির সবারই কম বেশি জানা। বিভিন্ন সময়ে বিভিন্ন চলচ্চিত্রের যেকোনো অনুষ্ঠানে গেলে তাকে গান গাইতে দেখা যায়।
গান গেয়ে বরাবরই প্রশংসায় পঞ্চমুখ সাইমন সাদিক। এদিকে, চিত্রনায়িকা পপিও সাইমনের গানের ভক্ত। এবার বড় পর্দায় গায়কের ভূমিকায় দেখা যাবে সাইমনকে। তিনি ‘লাইভ’ ছবিতে প্রথমবারের মতো গায়কের চরিত্রে হাজির হচ্ছেন এ তারকা।
এ ব্যাপারে সাইমন সাদিক গণমাধ্যমকে বলেন, এই প্রথম এমন একটি চরিত্রে কাজ করছি। একজন অভিনেতা সব সময় চায় নতুন নতুন চরিত্রে নিজেকে দেখতে। আমিও তেমনি চাই। গল্পে আমি গায়ক হিসেবে আসছি। এটি আমার জন্য বাড়তি একটি পাওয়া। সম্প্রতিক সময়ে যে কয়টি ছবিতে কাজ করেছি নিজেকে ভাঙার সুযোগ পাচ্ছি। নির্মাতারাও আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। আশা করছি আমার দর্শকের জন্য নতুন কিছু উপহার দিতে পারবো।
জানা যায়, ‘লাইভ’ ছবিতে সাইমনের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।






















