বিনোদন ডেস্ক ।।
এর আগে একটি বাংলাদেশি মিউজিক ভিডিওতে পারফর্ম করেছিলেন বলিউড তারকা সানি লিওনি। গত বছর তিনি ওই গানটিতে কাজ করেন। বছর না ঘুরতেই আবারও বাংলাদেশে কাজ করতে যাচ্ছেন সানি লিওনি। এবার মিউজিক ভিডিও নয়, সিনেমার আইটেম গান।
জানা যায়, শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমার আইটেম গানে সানি লিওনিকে পারফর্ম করতে দেখা যাবে।
পরিচালক জানিয়েছেন ১৯ আগস্ট, সোমবার বিকেলে ভারতের মুম্বাইতেই এই আইটেম গানে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওনি। সেলিম খান প্রযোজিত এই ছবির প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সানি লিওনির গানের শুটিং মুম্বাইয়ে হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে। গানে সানি লিওনির সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে। আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।






















