স্পোর্টস ডেস্ক
পাকিস্তান অধিনায়ক আজহার আলীর ওপর আর আস্থা রাখতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজহারের ব্যক্তিগত পারফরম্যান্স ও দলের পারফরম্যান্সে হতাশ কর্তৃপক্ষ। পিসিবি তাই আজহারের বিকল্প খুঁজতে শুরু করেছে।
জানা গেছে, সামনের নিউজিল্যান্ড সফরে নতুন অধিনায়ক নিয়ে টেস্ট খেলতে যাবে পাকিস্তান। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে হওয়ার কথা রয়েছে। গুঞ্জন উঠেছে সীমিত ওভারের বর্তমান অধিনায়ক বাবর আজম কিংবা উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের কাঁধে দেওয়া হতে পারে পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্ব।
ইতিমধ্যে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান দেখা করেছেন আজহারের সঙ্গে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ১০ দিনের মধ্যে পিসিবি চেয়ারম্যান এহসান মানি দেখা করবেন এই ব্যাটসম্যানের সঙ্গে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সরফরাজ আহমেদকে সরিয়ে টেস্টের দায়িত্ব দেওয়া হয় আজহারকে। আজহারের নেতৃত্বে পাকিস্তান ২-০ ব্যবধানে হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে জিতলেও ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ হারতে হয় ১-০ ব্যবধানে।






















