ডেস্ক রিপোর্ট
দীর্ঘ এক বছর ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান।এত লম্বা সময় বাইরে থাকার পরও ফিটনেসে ঘাটতি দেখা দেয়নি তাঁর। বরং গত দুদিন ধরে চলতে থাকা ফিটনেস পরীক্ষায় সবার চেয়ে বেশি নম্বর পেয়ে পাস করেছেন বিশ্বাসেরা অলরাউন্ডার।
৩৭৬ দিন গত সোমবার মিরপুর শেরেবাংলায় পা রাখেন সাকিব। সেদিন আর ফিটনেস টেস্ট হয়নি তাঁর। আজ বুধবার সকালে ফিটনেস পরীক্ষা দিয়েছেন তিনি। পরীক্ষায় সবার জন্য ন্যূনতম ১১ নম্বর ধরে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে সাকিব পেলেন ১৩.৭, যেটা গত দুদিন ধরে পরীক্ষা দেওয়া যেকোনো ক্রিকেটারের চেয়ে বেশি। পরীক্ষায় ১২ নম্বর করে পেয়েছিলেন হাতেগোনা কয়েক জন ক্রিকেটার।
দীর্ঘদিন ক্রিকেটে না থাকায় সাকিবের ফিটনেস নিয়ে চিন্তিত ছিল বিসিবি। কিন্তু মাঠে ফেরার আগে বিপ টেস্টে সর্বোচ্চ নম্বর পেয়ে সবাইকে চমকে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার মাঠের পারফরম্যান্সে সবাইকে চমকে দেওয়ার অপেক্ষা তাঁর।
২০১৯ সালের ২৯ অক্টোবর ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করায় দুই বছরের জন্য তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত হয়। বাকি এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয় দেশসেরা ক্রিকেটারকে। সম্প্রতি শেষ হয়েছে সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ।
নিষেধাজ্ঞায় থাকাকালীন বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন সাকিব। দুই কন্যা আর পরিবারের সঙ্গে সময় কেটেছে তাঁর। নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফেরার জন্য গত সপ্তাহে দেশে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার।






















