স্পোর্টস ডেস্ক
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আর মাত্র কয়দিন বাকি। এর আগেই মিনিস্টার গ্রুপ রাজশাহী শিবিরে দুঃসংবাদ বয়ে আসলো। অনুশীলনের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন দলের গুরুত্বপূর্ণ পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।
আজ রোববার মিরপুর একাডেমি মাঠে দলের অনুশীলনের ওয়ার্মআপ সেশনে ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান সাইফউদ্দিন। পরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত বিশ্রামে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। তাঁর চোটের বিষয়টি নিশ্চিত করেছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর কোচ সরোয়ার ইমরান।
রাজশাহীর কোচ বলেন, ‘আজ সকালে ওয়ার্মআপের সময় ফুটবল খেলছিল সে। তখন হঠাৎ করে পায়ের গোড়ালিতে ব্যথা পায়। এরপর আর অনুশীলন করা সম্ভব হয়নি। মাঠের বাইরে নিয়ে আসা হয়। তবে চোট ঠিক কতটা সেটা এখনই বলা যাচ্ছে না। আমাদের ফিজিও জানিয়েছে, আপাতত বিশ্রামে রাখা হবে তাকে। আগামীকাল সকালের আগে কিছু বলা যাবে না। আজ পর্যবেক্ষণে রাখার পর পরিস্থিতি বুঝে পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে।’
২৪ নভেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টের শুরুর ম্যাচেই বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথম ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে স্বাভাবিকভাবে বড় ধাক্কা খেল রাজশাহী।






















