স্পোর্টস ডেস্ক
তৃতীয় দিনের পর আজ চতুর্থ দিনও লড়াই করেন জার্মেইন ব্ল্যাকউড ও আলজারি জোসেফ। কিন্তু নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের সামনে সে লড়াই বেশিক্ষণ টেকেনি। ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারাল কেইন উইলিয়ামসনের দল।
আজ রোববার টেস্টের চতুর্থ দিন ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৩৪ রানে হারাল নিউজিল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন ২৫১ রানের বিশাল ইনিংস খেলা কেইন উইলিয়ামসন। এই জয়ের মাধ্যমে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
আজ চতুর্থদিন দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্ল্যাকউড। ১৩৫ বলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ১০৪ রানে শেষ হয় তাঁর ইনিংস। ৮৬ রান করেন জোসেফ। মূলত এই জুটি ভাঙলে মুখ থুবড়ে পড়ে উইন্ডিজদের ইনিংস।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাত উইকেটে ৫১৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে উইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৫১৯/৭ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ১৩৮
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : (ফলো অনের পর) ৫৮.৫ ওভারে ২৪৭ (আগের দিন ১৯৬/৬) (ব্ল্যাকউড ১০৪, জোসেফ ৮৬, রোচ ০, গ্যাব্রিয়েল ০, ডওরিচ (আহত অনুপস্থিত); সাউদি ১৫-২-৬১-১, বোল্ট ১৫-১-৬৩-১, ওয়্যাগনার ১৩.৫-০-৬৬-৪, জেমিসন ১২-২-৪২-২, মিচেল ৩-০-৭-১)।
ফল : নিউজিল্যান্ড ইনিংস ও ১৩৪ রানে জয়ী






















