স্পোর্টস ডেস্ক
গতকাল ফরচুন বরিশাল বনাম বেক্সিমকো ঢাকার এলিমিনেটর ম্যাচে মেজাজ হারিয়ে সমালোচনার মুখে পরেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। পরপর দুই বার মেজাজ হারানোর ব্যাপারটি মানতে পারেনি ক্রিকেট ভক্তরা। আজ সকালে ওই ব্যাপারে সকলের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন মুশফিক।
পোস্টটিতে তিনি লিখেন, আসসালামুয়ালাইকুম। প্রথমত গতকালের ম্যাচ চলাকালীন ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে আমি আমার দর্শক ও ভক্তদের কাছে ক্ষমা চাচ্ছি। যদিও আমি ম্যাচ শেষে আমি আল্লাহ ও আমার সতীর্থ নাসুমের কাছে ক্ষমা চেয়েছি। আমি যা করেছি তা মানুষ হিসেবে মোটেও গ্রহণযোগ্য ছিল না। ইনশাল্লাহ আগামীতে মাঠে বা মাঠের বাহিরে এমন অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না।

উল্লেখ্য, গতকাল সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বরিশালের ইনিংসে ঢাকার দেওয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়ে ফিরছিলেন বরিশালের ব্যাটসম্যানরা। স্রোতের বিপরীতে ছিলেন কেবল আফিফ হোসেন। উইকেটে থিতু হয়ে লড়াই জমিয়ে তুলেছিলেন তিনি। আফিফের ব্যাটে ম্যাচের ভাগ্য নিয়ে উত্তেজনা তৈরি হয়।
ম্যাচের ১৩তম ওভারে নাসুমের বলে ছক্কা হাঁকান আফিফ। পরের বল মিড উইকেটে মেরে এক রান নিতে ছুটেন আফিফ। ওই সময় রান আটকাতে একসঙ্গে দৌড়ান বোলার নাসুম ও উইকেটকিপার মুশফিক। দুজন একসঙ্গে মুখোমুখি হয়ে যাওয়ায় রানআউট করা যায়নি। তখন মেজাজ হারিয়ে নাসুমের দিকেই বল ছুড়তে উদ্যত হন মুশফিক।
পরে আবার ১৭তম ওভারে আরেকবার মেজাজ হারান মুশফিক। শফিকুলের করা অফ স্টাম্পের বাইরের বল উইকেটের কিছুটা পেছনে তালুনন্দি করেন মুশফিক। ওই ক্যাচ ধরতে শর্ট ফাইন লেগ থেকে নাসুমও ছোটেন। দুজনের প্রায় ধাক্কা লেগে যাওয়ার উপক্রম হয়। সেই মুহূর্তে ক্যাচ ধরতে পেরলেও মেজাজ হারান অধিনায়ক। ক্যাচ নেওয়ার পর নাসুমকে মারতে উদ্যত হোন মুশফিক। পরে অবশ্য নিজেকে সামলে খেলা চালিয়ে যান এই অভিজ্ঞ ব্যাটসম্যান।






















