খেলাধুলা ২ জানুয়ারি, ২০২১ ০৫:২৫

কেনকে পেতে মরিয়া ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

টটেনহামের তারকা ফরোয়ার্ড হ্যারি কেনের জন্য হাজার কোটি টাকার প্রস্তাব নিয়ে প্রস্তুত হচ্ছে ম্যানচেস্টার সিটি। ম্যানসিটি বস পেপ গার্দিওয়ালা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর পরিবর্তে খেলোয়াড় খুঁজছেন। এ পরিকল্পনা থেকেই হ্যারি কেনকে ম্যানসিটিতে ভেড়াতে চান এই স্প্যানিশ কোচ।

যার জন্য ৯০ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশী মূল্যে প্রায় এক হাজার ৪৬ কোটি টাকারও বেশি খরচ করতেও রাজি ক্লাবটি।

ব্রিটিশ দৈনিক ডেইল মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। হ্যারি কেন বর্তমান বিশ্বের সেরা ফরোয়ার্ডদের একজন। সর্বশেষ ছয় মৌসুমের প্রতিটিতেই ২০ এর অধিক গোল করেছেন। দুইবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পুরষ্কার জেতেন।

এদিকে ৩২ বছর বয়সী আগুয়েরো বারবার ইনজুরিতে পড়ছেন। ম্যানসিটিতে এই আর্জেন্টাইন ৩৭৮ ম্যাচে করেছেন ২৫৬ গোল। এ মৌসুমে মাত্র দুটি ম্যাচে শুরু করতে পেরেছেন তিনি। তার সঙ্গে চুক্তি শেষ হবে এ মৌসুম শেষেই। এ জন্য কেনকে দলে ভেড়াতে আটঘাট বেঁধেই নামছে ম্যানসিটি।