ডেস্ক রিপোর্ট ।।
ইতিপূর্বে অ্যাশেজ খেলতে গেলে সফেদ সাদা পোশাকে মাঠে নামতে হতো খেলোয়াড়দের। নাম-জার্সি নম্বর কোনোটাই থাকতো না তাদের জার্সিতে। কিন্তু এবারের অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটের একটা বাঁক বদল ঘটে গেছে। সেই ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের শুরু থেকেই সাদা পোশাকেই চলছিল খেলাটা।
তবে অ্যাশজ দিয়ে শুরু হয়েছে ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ’ অধ্যায়। যেখানে জার্সিতে নাম এবং জার্সির প্রচলনও শুরু হয়েছে। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ-ভারতের মধ্যকার টেস্টেও দেখা গেছে একই চিত্র।
বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের মিশন শুরু করবে নভেম্বরে ভারতের বিপক্ষে। তবে তার আগে ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেই নাম-নম্বর লেখা জার্সি পড়ে মাঠে নামবে সাকিব আল হাসানরা।
আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে এখানেই একটা রিহার্সেল করে নিতে চায় বাংলাদেশ। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফটোসেশনও হয়ে গেছে ক্রিকেটারদের। সবাই নিজ নিজ জার্সি পরে পোজ দিয়েছেন ক্যামেরায়।
রঙিন পোশাকে যে জার্সি নম্বর পড়ে খেলেন সাকিব-মিরাজরা, সেই জার্সি নম্বরই সাদা পোশাকে রেখেছেন তারা। সাকিবের নম্বর যেমন-৭৫, মিরাজের- ৫৩। সৌম্য সরকারের- ৫৯। তরুণ সাদমান ইসলামের রঙিন পোশাকে অভিষেক হয়নি। সাদা পোশাকে ১০ নম্বর জার্সিতে দেখা যাবে তাকে।






















