স্পোর্টস ডেস্ক
করোনার জেরে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করল ক্রিকেট অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।
ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু দক্ষিণ আফ্রিকার করোনার নতুন স্ট্রেন আতঙ্ক ছড়িয়েছে। আক্রান্ত হয়েছেন দেশটির অন্তত দেড় লাখ নাগরিক। মৃত্যুও হয়েছে অনেকের।
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও একাধিক প্রোটিয়া ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন। যার ফলে সিরিজ শেষ করা যায়নি। জো রুটরা চলে যান শ্রীলঙ্কায় সিরিজ খেলতে। এবার ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজই বাতিল করে দিল।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়াটা মোটেই উচিত হবে না ক্রিকেটারদের পক্ষে। গোটা দল, সাপোর্ট স্টাফদের সুরক্ষাই সবার আগে।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। গত সপ্তাহে দল নির্বাচনও হয়ে যায়। চলতি সপ্তাহেই দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা ছিল স্টিভ স্মিথদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী প্রধান নিক হকলি জানিয়েছেন, ভবিষ্যতে এই সিরিজ আয়োজন করা যেতে পারে।






















