খেলাধুলা ৯ অক্টোবর, ২০১৯ ০৮:০৪

বাংলাদেশি গোলরক্ষকদের উপর আস্থা আছে বিপ্লব ভট্টাচার্য

ডেস্ক রিপোর্ট

বিশ্বকাপ বাছাইয়ে কাতার ও ভারত ম্যাচে অনেকটা চাপ নিতে হবে গোলরক্ষককে। এটা জেনেই নিজেদের প্রস্তুত করছেন রানা-জিকোরা। কাতারের বিপক্ষে ভারতীয় গোলরক্ষক গুরপ্রিত সিংহের অসাধারণ পারফর্মেন্স থেকে অনুপ্রেরণা নিচ্ছেন তারা।

বাংলাদেশি গোলরক্ষকদের সামর্থ্যে আস্থা রাখছেন সাবেক গোলরক্ষক ও অধিনায়ক বিপ্লব  ভট্টাচার্য ।
গুরপ্রিত সিংহের অতিমানবীয় পারফর্মেন্সে কাতারকে রুখে দিয়েছিল ভারত। ২৭টি অন টার্গেট শটের ১১টি সেইভ করেন ভারত অধিনায়ক। শক্তিশালী কাতারের বিপক্ষে ক্লিন শিটে এক পয়েন্ট পায় ব্লু টাইগার্স।

১০ অক্টোবর বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাতার চ্যালেঞ্জ বাংলাদেশের। র‍্যাঙ্কিংয়ে ১২৫ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে কাউন্টার অ্যাটাক ছাড়া কোন পথ নেই। সেভাবেই দলকে প্রস্তুত করছেন কোচ জেমি ডে। রক্ষণের পাশাপাশি একাদশে থাকা গোলরক্ষককে নিতে হবে বাড়তি চ্যালেঞ্জ। গুরপ্রিত সিংহের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন তারা।

ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে গোলরক্ষক। একটি সেইভ দলকে নির্ভার রাখতে পারে। আবার ছোট-খাটো ভুলে বড় মাশুল গুনতে হয়। শহীদুল-রানাদের সামর্থ্যে আস্থা আছে সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের। যদিও কাতারের বিপক্ষে কাজটা সহজ হবে না।

গোলরক্ষক, ডিফেন্স ও মিডফিল্ডারের সঠিক সমন্বয় গড়তে পারলে কাতারের বিপক্ষে এক পয়েন্ট পাওয়া সম্ভব বিশ্বাস সাবেক এই অধিনায়কের।