ডেস্ক রিপোর্ট
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেললেও ত্রিদেশীয় টি-টেয়োন্টি সিরিজের দলে ডাক পায়নি মেহেদী হাসান মিরাজের। এমনকি ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে দুটি চার দিনের ম্যাচ খেললেও সুযোগ হয়নি ৫০ ওভারের ম্যাচে।
এই অবস্থায় সীমিত ওভার ক্রিকেটের ভাবনা একপাশে ঠেলে লাল বলের ম্যাচেই পুরো মনোযোগ তরুণ অলরাউন্ডারের।শ্রীলঙ্কা সফরে চার দিনের দুই ম্যাচ খেলে দেশে ফিরে আসেন মিরাজ। ঢাকায় ফিরে জাতীয় ক্রিকেট লিগের অনুশীলনে নেমে পড়েন তিনি। খুলনা বিভাগের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা মিরাজের নজর এখন লাল বলের ক্রিকেটে। লম্বা ফরম্যাটে আরও ভালো করার লক্ষ্য তার।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমে বেশ খানিকটা সময় কাটিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মিরাজ। সামনের পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় লাল বলে ফোকাসটা বেশি দিতে হবে। কারণ সামনে আমাদের অনেক টেস্ট আছে। আর আমিও গত কয়েকটি টেস্টে ভালো বোলিং করতে পারছিলাম না, এলোমেলো হচ্ছিলো। তাই এই ফরম্যাটে নিজেকে ফিরে পাওয়া জরুরি ছিল।’
শ্রীলঙ্কায় খেলা দুটি চার দিনের ম্যাচে ১২ উইকেট নিয়েছেন মিরাজ। ব্যাটিংয়ে ৫৭ ও অপরাজিত ৩৮ রানের দুটি ইনিংস রয়েছে তার। শ্রীলঙ্কায় নিজের পারফরম্যান্সকে মূল্যায়ন করলেন তিনি এভাবে, ‘আমার জন্য ভালো হয়েছে, অনেকক্ষণ বল করার সময় পেয়েছি। অনেকদিন পর দেশের বাইরে এভাবে বল করার সুযোগ পেলাম। বিশ্বকাপের আগে এবং পরে টানা সাদা বলের ক্রিকেটই খেলতে হয়েছে। আমার জন্য এটা বড় সুযোগ ছিল। শ্রীলঙ্কাতে আমার বোলিং খুব ভালো হয়েছে। যেখানে যেভাবে বল করা উচিত ছিল, এই দুই ম্যাচে সেভাবে বল করতে পেরেছি।’
সামনে ভারতের বিপক্ষে টেস্ট, সেখানে যেন ভালো করতে পারি। সেজন্য হয়তো টিম ম্যানেজমেন্ট আমাকে শ্রীলঙ্কাতে পাঠিয়েছে। আমি নিজেকে আরও পরিণত করার চেষ্টা করছি। এই দুটি ম্যাচের অভিজ্ঞতা ভারত সিরিজে অনেক সাহায্য করবে।’
আগামী বছর অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও কুড়ি ওভারের ক্রিকেট থেকে বাদ পড়া মিরাজের ভাবনায় কেবল টেস্ট, ‘আমার থেকে টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে, আমার কোথায় খেলা উচিত। তারা যে সিদ্ধান্ত নেবে, সেটার ওপর আস্থা রাখতে হবে। তারা হয়তো চিন্তা করছে আমার টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে এখানে আরও সময় দিতে হবে। আমি সবসময় প্রস্তুত সব ক্রিকেট খেলার জন্য। তবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চাইবে সেভাবেই তো আমাকে প্রস্তুত হতে হবে।’






















