খেলাধুলা ২২ অক্টোবর, ২০১৯ ১১:২৭

বিসিবির আম্পায়াররা অবসরে যান শূন্য হাতে!

ডেস্ক রিপোর্ট।।

সেলিম শাহেদ বললেন তাঁর এক সময়ের সতীর্থের কথা। আনিসুর রহমান—জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার। ওই যে, ১৯৯৪ সালের সার্ক ক্রিকেটের বোলিং-সেনসেশন। দুটি ওয়ানডের বেশি গড়ায়নি তাঁর ক্যারিয়ার। একটা সময় ঘরোয়া ক্রিকেটের বড় নাম আনিস খেলা ছাড়ার পর এসেছিলেন আম্পায়ারিংয়ে। আইসিসির প্যানেল আম্পায়ারও হয়েছিলেন। কিন্তু তিনিই এখন আম্পায়ারিংয়ের মায়া ত্যাগ করেছেন। দেশ ছেড়ে ‘উন্নত’ জীবনের খোঁজে পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ দেশে আম্পায়ারদের অবস্থা বর্ণনা করতে এই একটি উদাহরণই দিলেন।

অনেকেই মনে করেন ক্রিকেটে অনেক টাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের খোলা আকাশে টাকা উড়ে বেড়াচ্ছে। কিন্তু বাস্তবতাটা বেরিয়ে আসে আনিসুর রহমানদের কথা চিন্তা করলে। আইসিসির প্যানেল আম্পায়ার হয়েও এ পেশা থেকে খুব বেশি উপার্জন নেই তাঁর। সেলিম শাহেদের কথায়, ‘আনিসের মতো সাবেক ক্রিকেটার, আইসিসির প্যানেল আম্পায়ার অথচ, সে যুক্তরাষ্ট্র গেছে একেবারে খালি হাতে। বোর্ড থেকে সে কোনো টাকায় পায়নি। কারণ সে স্থায়ী চাকুরে ছিল না। আনিস একটা উদাহরণ। বাংলাদেশে অন্য আম্পায়ারদের অবস্থা আরও খারাপ। বোর্ডের অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত। ক্রিকেটারদের বাইরে যারা খেলার সঙ্গে জড়িয়ে যেমন আম্পায়ার, গ্রাউন্ডসম্যান তাদের সবার অবস্থারই গ্রহণযোগ্য মাত্রায় পরিবর্তন দরকার। নয়তো ক্রিকেট এগোবে না।’

সূত্রঃ প্রথম আলো।