ডেস্ক রিপোর্ট।।
আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ১০ দিনের ট্রেনিং ক্যাম্প করতে ওমানের উদ্দেশে শনিবার(২ নভেম্বর) রাতে রওনা হচ্ছে দল।
‘ই’ গ্রুপে তিন ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে সবার শেষে বাংলাদেশ। গত অক্টোবরে কাতারের বিপক্ষে দেশের মাটিতে লড়াই করে ২-০ গোলে হারার পর কলকাতায় ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। এই দুই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে ওমান যাচ্ছে জেমি ডের শিষ্যরা।
র্যাংকিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে ১০০ ধাপ এগিয়ে ওমান (৮৪)। এই দলের বিপক্ষে লড়াই করার দৃঢ় মানসিকতা খেলোয়াড়দের রয়েছে বললেন টিম ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু, ‘ওমান ফিফা র্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক ওপরে। কিন্তু কাতার ও ভারতের বিপক্ষে করা পারফরম্যান্স আমরা এই ম্যাচেও প্রত্যাশা করছি। যদি আমরা তাড়াতাড়ি গোল না খাই, তাহলে খেলা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার বলেছেন, ‘কাতারের চেয়েও ম্যাচটি কঠিন হবে কারণ ওমানের মাঠে খেলা। গ্রুপের দুই সেরা দলের একটি তারা। আমরা ট্রেনিং সেশনে সেট পিচ ও আমাদের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করবো।’
আগামী ৯ নভেম্বর বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা, প্রতিপক্ষ ওমানের শীর্ষ কোনও ক্লাব।






















