স্পোর্টস ডেস্ক।।
ভারতের রাজধানী দিল্লিতে চলা বায়ু দূষণের মাত্রা বর্তমানে ৩০১-৪০০, এমনটাই বলছে এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্য। যা সুস্থ ও স্বাভাবিক মানুষের শ্বাসকষ্ট এবং অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। এমন স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নিয়ে সেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে জয় পেয়েছিল বাংলাদেশ।
প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ভারতকে হারায় তারা। তবে সেখানে ম্যাচ খেলা মোটেও সহজ ছিল না। সেটা ভালোভাবেই টের পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচের আগে বেশ কয়েকজন মাস্ক পরে অনুশীলন করেন। অন্যতম ছিলেন লিটন দাস। এবার জানা গেল আরেক তথ্য।
ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ডিএনএ ইন্ডিয়া জানাচ্ছে, দূষণের কারণে প্রথম টি-টুয়েন্টির দিন বমি করেন বাংলাদেশের দুই ক্রিকেটার। একজন হলেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। তবে অপরজনের নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।
এরই মধ্যে দূষণ থেকে মুক্তি পেয়েছেন টিম বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে রাজকোটে পৌঁছেছেন তারা। পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজকোটের রয়েছে বিশ্বজুড়ে সুনাম। আগামী ৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে এখানেই ভারতের মুখোমুখি হবেন মাহমুদউল্লাহরা।






















