খেলাধুলা ১৮ নভেম্বর, ২০১৯ ১১:৪৯

ইডেন টেস্টে ডাক পেতে পারেন সৌম্য

স্পোর্টস ডেস্ক ।। 

ইডেনে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের আগে টেস্ট দলে ডাকা হতে পারে সৌম্য সরকারকে। কারণ তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিং পজিশন নিয়ে বড় সমস্যায় পড়ে গেছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের আগে সৌম্য সরকারকে উড়িয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বিসিবির এক কর্মকর্তার বক্তব্য তুলে ধরে একটি ভারতীয় দৈনিক জানায়, ‘ঢাকা থেকে কলকাতা আধাঘণ্টার দূরত্ব। নির্বাচকেরা চাইলে সৌম্যকে উড়িয়ে আনা হতে পারে। টি-টোয়েন্টিতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে সে। তাই এ বিষয়ে আলোচনা হয়েছে।’

ইন্দোর টেস্টে দুই ওপেনার সাদমান ইসলাম এবং ইমরুল কায়েস পুরোপুরি ব্যর্থ হয়েছেন। উভয় ইনিংসে দুজনেই ৬ করে রান করেছে! আউট হয়েছেন একই বোলারের বলে। তাই ওপেনিং জুটি নিয়ে যথেষ্ট চিন্তায় টিম ম্যানেজম্যান্ট। এদিকে দেশে ফিরে ইমার্জিং কাপে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতাচ্ছেন সৌম্য। পরপর খেলেছেন ৮৪* এবং ৭৩ রানের দুটি ইনিংস। পাশাপাশি বল হাতেও উইকেট এনে দিচ্ছেন। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসটাও ভালো পারেন সৌম্য। তাই ইডেনে গোলাপি বলের টেস্টে তাকে সুযোগ দেওয়া হয় কি না, সেটাই দেখার।