স্পোর্টস ডেস্ক।।
কলকাতার ইডেন গার্ডেনসে প্রথম দিবারাত্রির টেস্ট জিতে ইতিহাস গড়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে গোলাপি বলে খেলাটা দু'দলের জন্যই ছিল চ্যালেঞ্জের। তবে শচীন টেন্ডুলকারের পরামর্শেই নাকি গালাপি বলে সাফল্য পেয়েছেন কোহলিরা।
ইডেনে দিবা-রাত্রির টেস্টে গোলাপি বলে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ১৯৪ বলে ১৩৬ রানের চমৎকার ইনিংসটি খেলেছেন বিরাট। ম্যাচের প্রথম দিন কোহলিকে শচীন বলেছিলেন গোলাপি বলে টেস্ট খেলা লাল বলে টেস্ট খেলা থেকে একেবারে উল্টো। শুধু প্রতিটা সেশনের মাইন্ড সেটটা বদলে ফেল। আর তাতেই নাকি সাফল্য পেয়েছেন কোহলি।
আজ (রোববার) ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘বিকেলের সেশনে ব্যাটিং করা তুলনামূলকভাবে সহজ। আমি টেস্টের প্রথম দিনই সন্ধ্যায় শচীনের সঙ্গে কথা বলেছিলাম। আর সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি। পিঙ্ক বলে দ্বিতীয় সেশনটাকে সকালের সেশনের মতো ভাববে। কারণ তখনই আলো পড়তে শুরু করে, আর বল বেশি সুইং করতে থাকে। দিবা-রাত্রির টেস্টে প্রথম সেশনটা অনেকটা লাল বলের টেস্টের লাঞ্চ থেকে টি পর্যন্ত সময়ের মতো, দ্বিতীয় সেশনটা সকালের সেশনের মতো আর শেষ সেশনটা ইভিনিং সেশনের মতো।’
কোহলি আরো বলেন, ‘পিঙ্ক বল টেস্টে পরিকল্পনা পরিবর্তন হয়, সময়ের সঙ্গে সবকিছুই বদলে যায়। ব্যাটসম্যান হিসেবে আপনার পরিকল্পনাও বদলাতে হয়। আপনি সেট হয়ে গেছেন, ভালো ব্যাটিং করছেন কিন্তু অন্ধকার হতে শুরু করলেই আলো জ্বলে ওঠে- আর তার পরই সমস্যার পাহাড় এসে দাঁড়াবে আপনার সামনে।’
গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলাকে চ্যালেঞ্জ বললেও আগামী দিনে ভারতীয় দল এই নতুন ফরম্যাটের টেস্ট ক্রিকেট খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন বিরাট। কিন্তু ভারত অধিনায়কের বক্তব্য গোলাপি বলে খেলতে গেলে ভাল করে প্রস্তুতি নিতে হবে।






















