স্পোর্টস ডেস্ক।।
সদ্য সমাপ্ত ইডেন টেস্টে মাথায় বলের আঘাত পাওয়া দুই ক্রিকেটার লিটন দাস ও নাঈম হাসান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
সম্প্রতি জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার চোটে পড়েছেন। তাদের মধ্যে আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা, তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, নারী দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। মঙ্গলবার বিসিবি কার্যালয়ে তাদের সবশেষ অবস্থা সংবাদমাধ্যমকে জানান ডাক্তার দেবাশীষ।
দেবাশীষ চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ওরা মাথায় চোট পাওয়ার পর সেখানেই (কলকাতায়) দেখেছে। পরে সেখানকার স্থানীয় হাসপাতালে স্ক্যান করানো হয় তাদের। স্ক্যানের রিপোর্টে কোন ব্লিডিং বা খারাপ কিছু পাওয়া যায়নি। ধরে নিচ্ছি ওদের অবস্থা তেমন মারাত্মক নয়। কিন্তু নিয়ম অনুযায়ী প্রথম দুই দিন ওদের সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আইসিসির কিছু গাইডলাইন আছে মাথায় চোট পাওয়ার বিষয়ে। আঘাত লাগার দুই দিন পর ওরা স্বাভাবিক শারীরিক কাজ শুরু করতে পারে। এখন পর্যন্ত রিপোর্ট দেখে বলতে পারছি যে ওরা আশঙ্কামুক্ত। ওরা দেশে ফিরলে আমরা আবার ওদের রিভিউ করব। তবে সকলের সহযোগিতায় এতটুক বলতে পারি যে ওরা শঙ্কামুক্ত আছে।’






















