ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪টি ল্যাপটপ, ৯৬টি মোবাইল ফোন ও ২৭৪ কার্টন আমদানী নিষিদ্ধ সিগারেটসহ আবুল কাশেম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আবুল কাশেম ফেনী জেলার ফুলগাজী উপজেলার মনিপুর (আমজাহাট) এলাকার মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে।
আর্মড পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুবাই থেকে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কেইউ ২৮৫) ঢাকায় আসেন আবুল কাশেম। পরে বিমানবন্দরে দায়িত্বে থাকা আর্মড পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এ সিগারেটগুলো দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেন তিনি। এ সময় তার কাছ থেকে ইজি স্পেশাল গোল্ড, ইজি স্পেশাল লাইট ও ৩০৩ এস এস ব্রাউন ব্র্যান্ডের ২৭৪ কার্টন সিগারেট ও ৯৬টি মোবাইল ফোন এবং চারটি ল্যাপটপ জব্দ করা হয়।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা সিগারেট, মোবাইল ফোন এবং ল্যাপটপের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।






















