নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক কারবারী উপজেলার উত্তর বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের সামনে টেকনাফ-কক্সবাজার পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পান তারা।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল ঐ স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময়ে হ্নীলা জাদিমোড়া পশ্চিম সিকদার পাড়ার ব্লক-এ এমআরসি নং-৯০০৪২, ক্যাম্প নং-২৭ এর বাসিন্দা মোবারক হোসেনের ছেলে রোহিঙ্গা মো. হোসেন প্রকাশ ইকরাম (২৯) ও মুচনী ক্যাম্প-২৬, ব্লক-ই, এমআরসি নং- ৬১৩৩৬ নং এর বাসিন্ধা জমির হোসেনের ছেলে মো. রফিক (২১) কে আটক করা হয়।
এসময়ে তাদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট ২৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।






















