জাতীয় ডেস্ক।।
নারায়ণগঞ্জ থেকে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির মূল হোতা একজন সৌদি প্রবাসী। আর এই পুরো প্রক্রিয়ায় জড়িত রয়েছে সৌদি দূতাবাস, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ ও জন্ম নিবন্ধনের কাজে নিয়োজিত কর্মকর্তারা। নারায়ণগঞ্জ থেকে আটককৃত ৬ জনকে জিজ্ঞাসাবাদ করে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র্যাপিড একশন ব্যাটালিয়ন।
মূলত অবৈধ জন্মসনদ দিয়েই পাসপোর্ট পেয়ে যাচ্ছে রোহিঙ্গারা। দীর্ঘদিন ধরে পাওয়া এই তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করছিল র্যাব। অবশেষে বুধবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায় চালানো হয় অভিযান। মেলে ২৫ হাজারের বেশি পূরণ করা জন্মসনদের ফর্ম। আটক হয় ৬ জন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সংঘবদ্ধ এক চক্র অবৈধভাবে জন্মসনদ তৈরি করে আসছে যার মূলহোতা সৌদি প্রবাসী বায়েজিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সদস্যদের কাছে তথ্য পাঠাতো সে। বাংলাদেশ থেকে কাগজ তৈরি করে তারা পাঠাতো বায়েজিদের কাছে। তারপর তৈরি হতো পাসপোর্ট।
সৌদি আরবের দূতাবাস কর্মকর্তার সহায়তায় একটি বিশেষ অ্যাপের মাধ্যমে এই কাজটি করতো তারা। জড়িত জন্ম নিবন্ধন অধিদফতরের বেশ কিছু কর্মকর্তাও।






















