অপরাধ ও দুর্নীতি ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৩৪

বাড়িতে ঢুকে ছেলের সামনেই বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট ।।

কিশোরগঞ্জে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে জয়নব বিবি নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সেই নারীর ছেলে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া টপটেন গলি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেনের স্ত্রী জয়নব বিবি সকালে নিজের রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় ৪-৫ জনের মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তের দল বাসার দেয়াল টপকে ঘরে ঢুকে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে তার ছেলে দেলোয়ার হোসেন বাধা দিতে এলে তার উপরও হামলা চালানো হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনাটি নিশ্চিত করে গনমাধ্যমকে জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে।

হামলার সময় পাশের ঘর থেকে তার ছেলে দেলোয়ার এগিয়ে এলে তার ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা। এতে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।