নিজস্ব প্রতিবেদক: বাজারে মুরগি ও গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে খাসির মাংসের দাম। প্রতিকেজি খাসির মাংসে বেড়েছে প্রায় ১০০ টাকা। গত সপ্তাহে ৯০০ টাকা করে বিক্রি হওয়া খাসির মাংস আজ বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। দাম বেশি হওয়ায় ক্রেতার সংখ্যাও কমেছে বলে জানা গেছে।
শুক্রবার (৪ নভেম্বর) মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
এ বিষয়ে বিক্রেতা শাহ আলম বলেন, ১০ কেজির খাসি কিনতে চাইলে দাম ১১ থেকে ১২ হাজার টাকা। যা আগের তুলনায় অনেক বেশি। এছাড়া ক্রেতার সংখ্যাও কমেছে। সব মিলিয়ে দাম বাড়ানো ছাড়া উপায় নেই।
খাসির মাংস কিনতে আসা আফরোজা বেগম বলেন, খাসির মাংস কিনতে এসে দেখি প্রতি কেজি এক হাজার টাকা। এত খরচ হবে ভাবিনি। এভাবে দাম বাড়লে গরুর মাংস খাওয়ার ইচ্ছা ছেড়ে দিতে হবে।
গত কয়েক মাস ধরে বাজারে গরুর মাংস ৬৫০ থেকে ৭০০ টাকার মধ্যে উঠানামা করছে। বিক্রেতা শাহ আলম বলেন, দাম এক জায়গায় থাকলেও বিক্রি কম। আগে প্রতি শুক্রবার ৩-৪টা গরু বিক্রি করতাম। সেখানে এখন ১টা করছি।
এদিকে গত সপ্তাহের মতো এবারও বাজারে এক কেজি ফার্মের মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। এছাড়া দেশি ও পাকিস্তানি লাল মুরগির দাম কমেছে। গত সপ্তাহে ৩২০ টাকায় বিক্রি হওয়া পাকিস্তানি লাল মুরগি আজ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। দেশি মুরগির দাম প্রতি কেজি ৪০০-৪৫০ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০০-৫২০ টাকায়।
টাউন হল বাজারের মুরগি বিক্রেতা আবুল কালাম বলেন, দেশি মুরগির তুলনায় ফার্মের মুরগি বেশি বিক্রি হয়। দাম আগের সপ্তাহের মতোই আছে। তবে আগের তুলনায় অন্যান্য মুরগির বিক্রি কমেছে।
আমাদেরকাগজ/এইচএম






















