সারাদেশ ২৬ নভেম্বর, ২০২৩ ০৯:৪১

মালিবাগে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর মালিবাগে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ২৬ নভেম্বর, সকালে  রামপুরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন। 

এদিকে উদ্ধার কৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। নিহতের নাম, মিজানুর রহমান (৪৫)। রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার গোসাই গোবিন্দপুর গ্রামের আজমল আলী শেখের ছেলে মিজানুর।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন জানান, শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১১টায় মালিবাগ ডিআইটি রোডে ‘হোটেল সবুজ বাংলা (আবাসিক)’- এর ৪র্থ তলার একটি রুমে উঠেন মিজানুর। সকালে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এসআই জানান, রুমটির দরজা খোলা ছিল। আর রুমের ভেতর বিছানার ওপর শোয়া অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। তবে তার শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক কিছু দেখা যায়নি। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

তবে নিহত মিজানুরের স্ত্রী জানাতে পারেননি, ঢাকার কোন এলাকায় থাকতেন মিজানুর ।

আমাদের কাগজ/এমটি